
বেলাল হোসেন ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বইছে আনন্দের জোয়ার। বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে দেখা দিয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পরপরই আনন্দে মেতে ওঠেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে শহরে বের করা হয় আনন্দ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা একে অপরকে অভিনন্দন জানান এবং আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সর্বস্তরের মানুষের মাঝে মিস্টি বিতরণ করেন দলের নেতারা।
নেতাকর্মীরা বলেন, ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ায় এটি শুধু বিএনপির জন্য নয়, পুরো ঠাকুরগাঁওবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন তারা।
তবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার খবরে শুধু দলীয় নেতাকর্মীরাই নন, জেলার সর্বস্তরের মানুষের মধ্যেও আনন্দের আবহ তৈরি হয়েছে।