
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা এলাকায় অভিযান চালিয়ে ৫৪২ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (৬ জুলাই) সকালে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন—সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা গ্রামের মাজেদ মোড়লের ছেলে আসাদুল মোড়ল (৪৫) এবং একই গ্রামের ইয়ার আলী মোল্লার ছেলে রুহুল আমিন মোল্লা (৩৯)।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে হাড়দ্দহা এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে মোট ৫৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে ৪৫৪ বোতল ‘উইনকেরিক্স’ (Wincerex) এবং ৮৮ বোতল ‘এস্কাফ’ (Escuf) সিরাপ রয়েছে, যা বাংলাদেশে ফেনসিডিল হিসেবেই পরিচিত ও নিষিদ্ধ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মাদক চোরাচালান রোধে র্যাবের এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।