
অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্রীকে ১০ দিনেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিখোঁজ ছাত্রীকে ফিরে পেতে দিশেহারা পরিবার এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ ছাত্রীর পরিবার জানায়, গত ১ জুলাই বিকেল ৪টার দিকে প্রতিদিনের মতো সে বাড়ি থেকে মাস্টার মাইন্ড স্কুলের কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিচলিত হয়ে স্কুলের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন। শিক্ষকের কাছে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায় যে, মেয়েটি ওইদিন কোচিংয়ে উপস্থিত হয়নি। এরপর আত্মীয়-স্বজন ও পরিচিত সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তদন্তের স্বার্থে নওয়াপাড়া বাজারের দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে মেয়েটিকে অজ্ঞাতপরিচয় এক যুবকের সঙ্গে কোথাও যেতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, প্রেমঘটিত সম্পর্কের জেরে সে বাড়ি থেকে বের হয়ে থাকতে পারে।
নিখোঁজ ছাত্রীর মামা আক্ষেপের সুরে বলেন, ‘ঘটনার আজ ১০ দিন অতিবাহিত হলো, তবুও আমরা আমাদের ভাগ্নিকে খুঁজে পাইনি। পরিবারের প্রতিটি সদস্য চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, তারা যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আমাদের সন্তানকে অক্ষত অবস্থায় উদ্ধার করে দেয়।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকে পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ব্যক্তিকে শনাক্ত এবং নিখোঁজ স্কুলছাত্রীকে দ্রুত উদ্ধারে পুলিশের বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে।