
খাইরুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধান
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পানিতে ডুবে সোনিয়া (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সনিয়া হরিপুর উপজেলার দামল চৌরঙ্গী এলাকার সোহেল রানার মেয়ে। সে স্থানীয় খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রী ছিল।
স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবারও সনিয়া মাদ্রাসায় অবস্থান করছিল। দুপুরের দিকে মাদ্রাসার পাশে অবস্থিত একটি খালে সহপাঠীদের সাথে গোসল করতে নামে সে। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত পানির গভীর অংশে তলিয়ে যায় সনিয়া। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সনিয়ার অকাল মৃত্যুতে মাদ্রাসা ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। সহপাঠী ও শিক্ষকদের মাঝে নেমে এসেছে শোকের মাতম।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে খালের পানি বেড়ে যাওয়ায় এটি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শিশুদের এ ধরনের জলাশয়ে একা গোসল করতে দেওয়া যে কতটা বিপজ্জনক, তা এই মর্মান্তিক ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তারা ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের অধিক সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।