
মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি
পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের দ্বিতীয় তলার নির্মাণকাজের শুভ উদ্বোধন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জুন (মঙ্গলবার) প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণকাজের উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। এ সময় তিনি প্রেসক্লাবের উন্নয়নকাজের জন্য ৫ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
সাঁথিয়া প্রেসক্লাবের আহ্বায়ক মীর নাজমুল বারী নাহিদের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন— সিনিয়র সাংবাদিক,কলামিস্ট হাবিবুর রহমান স্বপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক মিয়া রানা ও জয়নুল আবেদীন রানা প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত আছি। ভবিষ্যতে জেলার সার্বিক উন্নয়নে যেকোনো ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করতে আমি সদা প্রস্তুত। স্থানীয় যেকোনো সমস্যা আমাকে অবহিত করা হলে আমি অগ্রাধিকার ভিত্তিতে তা সমাধানের চেষ্টা করব।”
মতবিনিময় সভা ও উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।