
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের এনগেজ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য পরিবেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচির শুরুতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে বারসিক এনগেজ প্রকল্পের সুশীল সমাজ সংগঠন (CSO) ও শিক্ষার্থী ফোরামের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু অভিযোজন এবং পরিবেশগত মানবাধিকার বিষয়ে বিভিন্ন তথ্যসমৃদ্ধ স্টল প্রদর্শন করা হয়। অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং পরিবেশ রক্ষায় শিক্ষার্থী ও সিএসও সদস্যদের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারসিক এনগেজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কুমারেশ চন্দ্র। তিনি বারসিক এনগেজ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং পরিবেশ ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন।