1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায়, অমিত এমপি হওয়ায় জোড়া  গরু জবাই করে ভোজের আয়োজন জিহাদের

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

 

পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে করা একটি মানতের বাস্তবায়ন উপলক্ষে যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল ও গণভোজ। শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ গ্রামবাসীসহ হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের আয়োজন করেন পর্তুগাল প্রবাসী মো. আব্দুল্লাহ আল জিহাদ। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ওমরাহ পালনকালে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে তিনি মানত করেছিলেন—দেশের রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে এবং যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বিজয়ী হলে দেশে ফিরে জোড়া গরু ও জোড়া খাসি জবাই করে গ্রামবাসীকে গণভোজ করাবেন। সেই মানত পূরণ হওয়ায় দেশে ফিরে তিনি এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জিহাদের বাবা, সাবেক ৩ নম্বর ইছালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রেজাউল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদার হোসেন খান, সহ-সভাপতি মীর নুর ইসলাম, সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আসাদুজ্জামান মিঠু, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলম, সাধারণ সম্পাদক লিটন, সাংগঠনিক সম্পাদক একরামুল ইসলাম, মহিলা দলের আহ্বায়ক জেসমিনা বর্ষা, স্বেচ্ছাসেবক দল নেতা মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে আগত অতিথি ও স্থানীয় জনসাধারণের মাঝে গণভোজ পরিবেশন করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, প্রায় ৬৫ ডেগ খাবার রান্না করা হয়। দুটি গরু ও দুটি খাসির মাংস দিয়ে কয়েক হাজার মানুষের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। জুমার নামাজের পরপরই ইছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মানুষের ঢল নামে। পুরো মাঠ পরিণত হয় এক বিশাল মিলনমেলায়। দীর্ঘদিন পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়দের মতে, ধর্মীয় আবহ, দোয়া মাহফিল এবং ব্যাপক গণভোজের কারণে ইছালী এলাকায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বলেন, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রেখে মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। তাদের মতে, এমন উদ্যোগ সমাজে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জিহাদ আরো বলেন, আমি বড় ভাই অনিন্দ্য ইসলাম অমিতের বিজয় প্রত্যাশা করে কাবা শরীফে দাঁড়িয়ে মানত করেছিলাম। আজ যখন আমি সেটি পূর্ণ করলাম তখন দেখলাম এক ভ্যানচালক বিশ প্যাকেট পেয়েছে দেখে আমি আরো তৃপ্ত ও আনন্দিত যে এটি সাকসেস হয়েছে। মানত পূরণের এই ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে ইছালী ইউনিয়নে দিনভর উৎসবের আমেজ বিরাজ করে এবং অনুষ্ঠানটি বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত