
এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া- গড়ুইমহল খালের পুরাতন ক্লোজারে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গেটের পাট স্থাপনের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ক্লোজারের কারণে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশন ব্যাহত হয়ে কৃষিজমি,মৎস্যঘের ও বসতবাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে বছরের পর বছর চরম দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। অবশেষে গেটের পাট স্থাপনের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলীর নেতৃত্বে কাজ শুরু করা হয়।
মাওলানা রিয়াছাত আলী বলেন,“জলাবদ্ধতা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি বড় সমস্যা। ক্লোজারের গেট সচল হলে দ্রুত পানি নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে। এতে কৃষি উৎপাদন,মৎস্যচাষ ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। মানুষের স্বার্থে এ ধরনের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে আমি কাজ করে যাচ্ছি।”
স্থানীয় বাসিন্দারা জানান,বছরের পর বছর অকার্যকর গেটের কারণে সামান্য বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যেত। ফসলের ব্যাপক ক্ষতি,মাছের ঘেরে লোকসান এবং যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ ছিল নিত্যদিনের ঘটনা। গেটের পাট স্থাপনের কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ শেষ করে ক্লোজারটি চালুর দাবি জানিয়েছেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,জনপ্রতিনিধি, এলাকাবাসী ও সংশ্লিষ্ট শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর প্রত্যাশা,দ্রুত কাজ সম্পন্ন হয়ে ক্লোজারটি চালু হলে বহু বছরের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের পথ সুগম হবে।