ঠাকুরগাঁওয়ে ভাড়া বাসায় তরুণীর মরাদহ উদ্ধার

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান
ঠাকুরগাঁও শহরের একটি ভাড়া বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের স্বার্থে দাফন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে আইনগত প্রক্রিয়ায় মরদেহ থানায় পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, রাণীশংকৈল উপজেলার টিএন্ডটি সংলগ্ন এলাকার মৃত আজগর আলীর স্বামী পরিত্যক্তা কন্যা নুশরাত জাহান ইতি ঠাকুরগাঁও শহরের বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন ইয়াসিন আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ জুন রাতে ইতি নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে অবস্থান করেন। পরদিন সকাল পর্যন্ত তার কোনো সাড়া-শব্দ না পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন এবং রাণীশংকৈলে নিয়ে আসেন।
পরবর্তীতে দাফনের প্রস্তুতি চলাকালে ১৯ জুন শুক্রবার রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তের প্রয়োজনীয়তা উল্লেখ করে দাফন কার্যক্রমে বাধা দেয় এবং মরদেহ ঠাকুরগাঁও সদর থানায় পাঠানোর ব্যবস্থা করে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তার কাছে বিস্তারিত তথ্য নেই। তবে মরদেহ ঠাকুরগাঁও সদর থানায় পাঠানো হয়েছে এবং সেখান থেকেই পরবর্তী তথ্য জানা যাবে।
অন্যদিকে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী বলেন, ঘটনাটিকে কেন্দ্র করে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হলেও পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।