
নজরুল ইসলাম খোকন , টেকনাফ:কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে এক সাংবাদিকের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে কক্সবাজার জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা নিজস্ব জমিতে সম্প্রতি একটি পক্ষ অবৈধভাবে প্রবেশ করে দখলের চেষ্টা চালায়। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হলেও তিনি প্রত্যাশিত প্রতিকার পাননি বলে দাবি করেছেন। বরং কয়েকজন পুলিশ সদস্যের ভূমিকা ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি প্রভাবশালী মহল পুলিশের সহযোগিতায় তাকে বিভিন্নভাবে হয়রানি ও চাপ প্রয়োগের চেষ্টা করছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।
এ ঘটনায় তিনি কক্সবাজার জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার জমির মালিকানা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।