
ইমরান হোসেন, কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে ৯ম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে লাভলু মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লাভলু মোল্লা কেশবপুর উপজেলার ভাল্লুকঘর গ্রামের নওশের মোল্লার ছেলে।
মামলার এজাহার ও থানা সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই দুপুরে লাভলু মোল্লা তার প্রতিবেশী মাদ্রাসা পড়ুয়া ওই কিশোরীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ঘরের ভেতরে নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠেছে। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কেশবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে (মামলা নং-১৫)। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত লাভলু মোল্লাকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছা. রোকসানা খাতুন জানান, “স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একই সাথে ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”