
নিজস্ব প্রতিবেদক,
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নে মোছাঃ আমেনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুর ১টার দিকে উপজেলার ৬ নং ভোমরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন ওই গ্রামের মোঃ হানিফ (৩৮) এর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১টার দিকে নিজ ঘরের ভেতর আমেনা খাতুনকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।