
অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার পায়রায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাদকবিরোধী সমাবেশ ও মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে পায়রা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা বাজারে স্থানীয় স্বেচ্ছাসেবী ইসলামী সামাজিক সংগঠন ‘ইউ আর ব্রাদার্স, পায়রা’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মো. জহুরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা মো. জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, উপদেষ্টা মো. শরিফুল ইসলাম এবং উপদেষ্টা মাস্টার মো. আ. মান্নান মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. মাছুম বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশ শেষে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত একটি সচেতনতামূলক মিছিল পায়রা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সংগঠনের সদস্য, স্থানীয় তরুণ-যুবক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।