
শ্যামনগর উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কথিত “বাপ্পি-ফরিদ গ্যাং”-এর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে গ্যাংটির সদস্যরা প্রকাশ্যে মাদক সেবন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মাহবুব হোসেন (২২), পিতা-মোঃ শওকাত গাজী, সাং-দাড়িয়ালা, ডাকঘর-উকশা, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে মাহবুব হোসেন তার নিজ মালিকানাধীন মোটরসাইকেলযোগে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর পানখালী এলাকায় আত্মীয়তার সূত্রে পরিচিত সাইজুল ইসলামের বাড়িতে দাওয়াতে যান। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল একটি কালো রঙের হিরো স্প্লেন্ডার (রেজি নং- সাতক্ষীরা-হ-১৯-১২২৫)।
ভুক্তভোগীর অভিযোগ, রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ অতর্কিতভাবে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে ভয়ভীতি ও মারধর শুরু করে এবং পরে মাহবুব হোসেনের মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, ১। মোঃ মাসুদ রানা বাপ্পী (৩০), পিতা: আনছার আলী গাজী ২। নুর হোসেন (৩৫) ৩। রাফিদ (২৮), পিতা-কামাল হোসেন ৪। মহিবুল্লাহ (৩৫) ৫। আজমল (৩৩) ৬। ফরিদ (৩২) ৭। হারুন (৩০) সকলের ঠিকানা: মুনসুর সরদারের গ্যারেজ এলাকা, থানা: শ্যামনগর, জেলা: সাতক্ষীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাংটির সদস্যরা দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও বিভিন্ন মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, দখলবাজি, চাঁদাবাজি এবং নারী কেলেঙ্কারির মতো নানা অভিযোগ রয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে, “তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই সংঘবদ্ধভাবে হামলা ও হয়রানির শিকার হতে হয়।”
ঘটনার সময় স্থানীয় গ্রামবাসী ও বাড়ির লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা নিজেদের পুলিশ পরিচিত বলে দাবি করে ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি থানায় ফোন করার ভান করে স্থানীয়দের বিভ্রান্ত করারও অভিযোগ ওঠে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
ভুক্তভোগী জানান, ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তিনি শ্যামনগর থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।