
নিজস্ব প্রতিবেদক,
সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে আবু রায়হান (৩০) নামের এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবু রায়হান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ছোট শ্যামনগর গ্রামের আব্দুস সবুরের একমাত্র পুত্র। তিনি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান হ্যামকো কোম্পানিতে ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হ্যামকো কোম্পানির বিভিন্ন মালামাল নিয়ে একটি ডেলিভারি ভ্যানে চড়ে নলতার দিকে যাচ্ছিলেন আবু রায়হান। পথিমধ্যে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় ডেলিভারি ভ্যান থেকে ছিটকে সরাসরি পিচঢালা সড়কের ওপর পড়ে যান আবু রায়হান। এ সময় পেছন থেকে আসা ওই ভারী ট্রাকের চাকা তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে নিহতের পরিবারে শোকের মাতম চলছে।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করেছে। তবে ঘটনার পরপরই চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক চালককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।