
নিজস্ব প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে আটক ব্যক্তিদের জীবননগর থানা হেফাজতে নেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার সদরপাড়া গ্রামের বাবলুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৩২), গোয়ালপাড়া গ্ৰামের এরেং পাখীর ছেলে ছালাম (৫০) এবং একই গ্রামের মৃত ইসলাম মণ্ডলের ছেলে ইন্নাল হোসেন (৫০)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতে উপস্থাপনের পর সামারি ট্রায়ালের জন্য পাঠানো হবে।
তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশনায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি