
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিলে অভিযান চালিয়ে আনুমানিক ৩ হাজার মিটার চায়না দুয়ারি জাল তুলে জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মিশকাতুল ইসলাম, উপজেলা আনসার-ভিডিপি অফিসার মোহাম্মদ মিয়াজান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস এবং ইউনিয়ন আনসার দলনেতা ও কমান্ডাররা।
অভিযানকালে পদ্মবিল থেকে আনুমানিক ৩ হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরে জালগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।
সংশ্লিষ্টরা জানান, চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণীসহ জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।