
বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম,টেকনাফ, কক্সবাজার
কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক রূপালী সৈকত পত্রিকার প্রতিনিধি সম্মেলন-২০২৬ বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং তৃণমূল পর্যায়ের প্রতিনিধিদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সম্পাদকীয় নীতিমালা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ জুলাই ২০২৬) কক্সবাজার শহরের কলাতলীর হোটেল বিচ ওয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সম্মেলনে সম্পাদকীয় পরিষদের সদস্য, স্টাফ রিপোর্টার, জেলা ও উপজেলা প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ডা. হাফেজ মো. সোহেল। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক নুরুল হোসাইনের সঞ্চালনায় সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয়।
স্বাগত বক্তব্যে সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী বলেন, “সত্য, ন্যায় ও জনস্বার্থের প্রতি অঙ্গীকার নিয়েই দৈনিক রূপালী সৈকতের পথচলা। পাঠকের বিশ্বাস অটুট রাখতে প্রতিটি প্রতিনিধিকে সততা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করতে হবে।”
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন দৈনিক রূপালী সৈকতের উপদেষ্টা সম্পাদক, আমির গ্রুপ ও আমির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ. এম. জিয়াবুল (সিআইপি)। প্রধান বক্তা ছিলেন পত্রিকার ম্যানেজিং এডিটর আ. স. ম. মোহাম্মদ জাহিদুল হক নাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে এ. এম. জিয়াবুল (সিআইপি) বলেন, “আমাদের লক্ষ্য দৈনিক রূপালী সৈকতকে দেশের অন্যতম মডেল পত্রিকায় পরিণত করা। আধুনিক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকার গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করা হবে। এই লক্ষ্য অর্জনে প্রতিটি প্রতিনিধি ও সাংবাদিককে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”
প্রধান বক্তা আ. স. ম. মোহাম্মদ জাহিদুল হক নাহিদ বলেন, “একটি গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ তার মাঠপর্যায়ের প্রতিনিধিরা। প্রতিনিধিদের দক্ষতা, সততা ও পেশাদারিত্বই একটি পত্রিকার সুনাম ও গ্রহণযোগ্যতা নির্ধারণ করে। তাই নিয়মিত প্রশিক্ষণ, দায়িত্বশীলতা এবং নৈতিক সাংবাদিকতার চর্চার মাধ্যমে নিজেদের আরও সমৃদ্ধ করতে হবে।”
সম্মেলনে বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের মতামত, সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রতিনিধিদের মধ্যে পরিচয়পর্ব, অভিজ্ঞতা বিনিময় এবং সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিনিধিদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। পরে সকলের অংশগ্রহণে মধ্যাহ্নভোজ ও ফটোসেশনের মাধ্যমে প্রতিনিধি সম্মেলন-২০২৬-এর সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্মেলনে উপস্থিত অতিথিরা দৈনিক রূপালী সৈকত-এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, বস্তুনিষ্ঠ, নির্ভীক ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।