
শাহিনুর ইসলাম, তালা উপজেলা প্রতিনিধি :
সাতক্ষীরা তালা উপজেলার ১০ নং খেশরা ইউনিয়নে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮১৮ সালের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা (মৌজা)পিলার এবং একটি মোটরসাইকেল( খুলনা মেট্টো হ-১৩-৪৮৫১) উদ্ধার করা হয়।
৫ জুন শুক্রবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তালা উপজেলা ১০নং খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের মৃত চতুর মন্ডলের ছেলে ভোলানাথ মন্ডলের বাড়িতে গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সীমান্ত পিলার উদ্ধার করা হয়। যার গায়ে ‘1818’ এবং ‘EAST INDIA COMPANY’ লেখা খোদাই করা রয়েছে। এছাড়া একটি লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— ভোলানাথ মন্ডল (৬০), পিতা-মৃত চতুর মন্ডল, গ্রাম-কলাগাছি, থানা-তালা, জেলা-সাতক্ষীরা; তুষার কান্তি সরদার (৩৫), পিতা-সুনীল সরদার, গ্রাম-লস্কর,; সুশান্ত সরদার (৪৪), পিতা-বিমল কৃষ্ণ সরদার, গ্রাম-লস্কর, উভয় থানা-পাইকগাছা, জেলা-খুলনা এবং যাদব সরকার (৪২), পিতা-মৃত ধীরেন্দ্রনাথ সরকার, গ্রাম-সুন্দরমহল, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা।আটককৃত সুশান্ত সরদার পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বলে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয়ভাবে অনুসন্ধান ও প্রাথমিক তদন্তে প্রতারণার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা একটি পেশাদার প্রতারক চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পূর্বেও প্রতারণার অভিযোগ রয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কলাগাছি এলাকায় একটি সীমানা পিলার বেচাকেনার চেষ্টা চলছে। পরে অভিযান চালিয়ে পিলারসহ চারজনকে আটক করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে যারা জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর নির্দোষ হলে তাদের মুক্তি দেওয়া হবে।’