
নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার
টানা ভারী বর্ষণের মধ্যে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ধসে একটি মাদরাসার ওপর বিশাল অংশ ভেঙে পড়লে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার বিকেলে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এর সাব-ব্লক এ-৩ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে পড়লে হঠাৎ করে একটি বড় অংশ ধসে পাশের মাদরাসার ওপর আছড়ে পড়ে। এতে মুহূর্তেই ভবনটি মাটিচাপা পড়ে যায় এবং সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও ক্যাম্পে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। পরে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য আটকে পড়াদের উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। একই সঙ্গে হতাহতদের প্রকৃত সংখ্যা নিশ্চিত করার কার্যক্রমও চলছে।
এদিকে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।