
বিশেষ প্রতিনিধি
পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর গড়ের আবাদ এলাকার ইটের সলিং রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, চৌমুহনী বাজার মহিলা মাদ্রাসার সামনে থেকে গোলজার মোল্লার বাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে পথচারী, মোটরসাইকেল ও ভ্যানচালকদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এছাড়া একই সড়কের প্রায় ১৬৪ মিটার অংশ এখনো মাটির রাস্তা হওয়ায় বর্ষা মৌসুমে কাদায় একাকার হয়ে যায়। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ শত শত মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
হাড়িয়ার ডাঙ্গা/কমলাপুর থেকে উত্তর গড়ের আবাদ হয়ে চৌমুহনী বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ সড়কটির আইডি: ২৪৭৬৪৫০৫৭। স্থানীয়দের দাবি, এটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার ও অবশিষ্ট মাটির অংশে ইটের সলিং বা পাকা রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।