বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  খুলনায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ডেঙ্গু প্রতিরোধে জোর টেকনাফের দুর্গম পাহাড়ে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান: অপহরণকারীদের কবল থেকে ৪ তরুণ উদ্ধার মিনাবাজারে বিজিবির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ১৩ ঘণ্টা বিদ্যুৎহীন গাবুরা, দুর্ভোগে কয়েক হাজার মানুষ ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবলে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন  মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মণিরামপুর পারিবারিক কলহের জেরে বড় বোনকে হাতুড়িপেটা, অভিযুক্ত ছোট ভাই ভোলাহাটে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন

সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

 

সুন্দরবনের প্রাকৃতিক পুনর্জন্ম প্রক্রিয়া রক্ষায় নদীর চরে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা গ্রীন কোয়ালিশন ও শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের উদ্যোগে উপজেলার জেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন নীলডুমুর বাজার থেকে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয় অভিমুখে এ এ লংমার্চ অনুষ্ঠিত হয়। পরে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মোঃ মশিউর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়; এটি উপকূলীয় মানুষের জীবন, জীবিকা ও অস্তিত্বের সঙ্গে জড়িত একটি প্রাকৃতিক আশ্রয়। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সুন্দরবনের স্বাভাবিক পুনর্জন্ম প্রক্রিয়া রক্ষা করা সময়ের দাবি।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সুন্দরবনের নদী ও জোয়ারের মাধ্যমে ভেসে আসা বনজ বীজ নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ে এবং প্রাকৃতিকভাবে ম্যানগ্রোভ বনায়ন সৃষ্টি করে। এসব বীজ নির্বিচারে সংগ্রহ করা হলে সুন্দরবনের স্বাভাবিক পুনর্জন্ম বাধাগ্রস্ত হয় এবং দীর্ঘমেয়াদে বনপ্রতিবেশ, জীববৈচিত্র্য ও উপকূলীয় নিরাপত্তার ওপর বিরূপ প্রভাব পড়ে।

 

বক্তারা জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নদীবেষ্টিত বিভিন্ন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সুন্দরবন সংলগ্ন নদী থেকে ভেসে আসা বনজ ফল ও বীজ সংগ্রহ করে জ্বালানি হিসেবে ব্যবহার করে আসছে। ফলে প্রাকৃতিকভাবে নতুন গাছ জন্মানোর সুযোগ কমে যাচ্ছে। একটি বীজের স্বাভাবিক বিকাশ বন্ধ হওয়া মানে শুধু একটি গাছের ক্ষতি নয়, বরং উপকূলের ভবিষ্যৎ নিরাপত্তার ওপর প্রভাব ফেলা।

 

স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধ করা, বন টহল ফাঁড়ির কর্মকর্তা, সিপিজি, ডিসিটি, ভিটিআরটি ও ভিসিএফ সদস্যদের মাধ্যমে নিয়মিত নজরদারি বৃদ্ধি, জনসচেতনতা তৈরিতে আলোচনা সভা, লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম চালু রাখা এবং সুন্দরবনের প্রাকৃতিক পুনর্জন্ম সংরক্ষণে স্থানীয় জনগণ ও যুব সমাজকে সম্পৃক্ত করা।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও প্রথম আলোর সাতক্ষীরা নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা জেলা গ্রীন কোয়ালিশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, বনজীবী নারী নেত্রী শেফালী বিবি, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুর রউফ, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিপা চক্রবর্তী, সাংবাদিক জাহিদ সুমন, বিলাল হোসেন, আব্দুল হালিম, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সহ-সভাপতি রাহাদ খাঁন বাপ্পাসহ স্থানীয় পরিবেশকর্মী ও স্বেচ্ছাসেবীরা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলাম, স. ম. ওসমান গনী, জান্নাতুল নাঈমসহ অনেকে। কর্মসূচিতে গ্রীন কোয়ালিশন, সাতক্ষীরার সভাপতি আবু আফফান রোজ বাবু এবং শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সভাপতি মো. সাইফুদ্দিন সিদ্দীক নেতৃত্ব দেন।

এরপর বেলা ১২ টায় গ্রীন কোয়ালিশন ও শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের নেতৃবৃন্দ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শামছুজ্জাহান কনক এর নিকট আরও একটি স্মারকলিপি প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews