1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

পাবনার হেমায়েতপুরের কাশিপুর মোড়ে বেহাল সড়ক, সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগঃ নজর নেই সড়ক বিভাগের

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধিঃ

 

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর মোড় এলাকার সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেই রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়। ফলে সড়কটি অনেকটা জলাবদ্ধ এলাকায় পরিণত হয়। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় পাকা সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে কাঁচা রাস্তার রূপ নিয়েছে। বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, যা যান চলাচলকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

সড়কের ভাঙাচোরা ও কর্দমাক্ত অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে। বিশেষ করে এই সড়ক দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। এলাকাবাসীর দাবি, নাজিরপুর মানসিক হাসপাতালসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া-আসার ক্ষেত্রে রোগী ও স্বজনদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক সময় জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট সড়ক বিভাগের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। ফলে দিন দিন জনদুর্ভোগ বাড়ছে।

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী এম. আজিজের বক্তব্য জানতে তার কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে অফিসে পাওয়া যায়নি। কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মচারী জানান, তিনি সেদিন অফিসে উপস্থিত ছিলেন না। অফিসে তার নিয়মিত উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তারা নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত