
সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরা প্রান্তিক মানুষের সুখ-দুঃখ, এলাকার উন্নয়ন এবং নানাবিধ জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে সাতক্ষীরার কলারোয়ায় নজর কেড়েছেন উদীয়মান তরুণ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী মোঃ আবু রায়হান। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন এবং সাহসিকতার সাথে সংবাদের পেছনে ছুটে চলাই এখন তাঁর দৈনিক কাজের মূল হাতিয়ার।
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ১২ নম্বর যুগিখালী ইউনিয়নের যুগিখালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ২০০২ সালের ১৫ জুলাই জন্ম নেন মোঃ আবু রায়হান। তাঁর বাবা মোঃ হবিবার রহমান ও মা তানজিলা খাতুন। শৈশব থেকেই সমাজের অসঙ্গতি দূর করার অদম্য ইচ্ছে আর গণমানুষের কথা বলার তাড়না তাঁকে উদ্বুদ্ধ করে সাংবাদিকতার মতো এক চ্যালেঞ্জিং পেশায় আসতে।
মাঠপর্যায়ে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বর্তমানে জাতীয় দৈনিক ঘোষণা, জাতীয় দৈনিক একুশে, জাতীয় দৈনিক অভয়নগর এবং স্যাটেলাইট ডিজিটাল মাধ্যম ‘Channel A1 TV’-এর প্রতিনিধি হিসেবে কলারোয়া উপজেলা থেকে নিয়মিত দায়িত্ব পালন করছেন। সংবাদের ভেতরের সত্য প্রকাশে তিনি আপসহীন মনোভাব বজায় রেখেই কাজ করে যাচ্ছেন।
পেশাগত সাংবাদিকতার বাইরেও গণমাধ্যমকর্মীদের অধিকার আদায় ও সুরক্ষায় ভূমিকা রেখে চলেছেন এই তরুণ। তিনি বর্তমানে ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর কলারোয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কলারোয়ায় কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে তিনি প্রতিনিয়ত সোচ্চার।
নিজের কাজের পরিকল্পনা ও ভাবনা নিয়ে মোঃ আবু রায়হান বলেন, “কলারোয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা, সম্ভাবনা আর অধিকারের কথা জাতীয় দরবারে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। সত্য প্রকাশে কোনো বাধা আমাকে থামাবে না। সাংবাদিকতাকে মানুষের কল্যাণে ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।”
কলারোয়ার স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, আবু রায়হানের সততা, কাজের প্রতি একাগ্রতা ও পেশাদারিত্ব সত্যিই প্রশংসনীয়। তরুণ বয়সেই কলারোয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় যে দৃষ্টান্ত তিনি রেখে চলেছেন, আগামী দিনে তা আরও সমৃদ্ধ হবে এবং তিনি জাতীয় পর্যায়ে সুনাম কুড়াবেন—এমনটাই প্রত্যাশা কলারোয়াবাসীর।