
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফসুর আলী মোল্লাকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সাম্প্রতিক অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের অংশ হিসেবে শ্যামনগর থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে আওয়ামী লীগ নেতা আফসুর আলী মোল্লাকে আটক করা হয়।
এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে তালিকাভুক্ত সব আসামিকে আইনের আওতায় আনা হবে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।