
মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,
মাদারীপুর জেলাধীন রাজৈর উপজেলার রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে প্রতিষ্ঠানটি জাতীয়করণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এমপি জাহান্দার আলী মিয়া। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, মানব পাচার ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, অপরাধীরা যত বড় শক্তিশালী হোক না কেন অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহান্দার আলী মিয়া বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বিদ্যালয়টি জাতীয়করণের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “মাদক, মানব পাচার ও চাঁদাবাজি সমাজের জন্য বড় হুমকি এবং সমাজের ক্যান্সার।এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার রোখসানা খাইরুন নেছা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক এবং রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম।
আরোও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান (লেবু) কাজী, যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক ছাত্রদল নেতা রুহুল আমিন সবুজ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।