
মো.শহিদুল ইসলাম,দেওয়ানগঞ্জ(জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামে পারিবারিক বিরোধের জেরে প্রায় ৩০ বছরের পুরোনো একটি চলাচলের কাঁচা রাস্তা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৫০০ পরিবারের প্রায় ২ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝাউডাঙ্গা গ্রামের মো. মনিরের বাড়ি থেকে ফজল হাজীর বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাটি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এলাকাবাসীর প্রধান যাতায়াত পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই রাস্তা দিয়েই স্থানীয়রা কাটাখালী বাজার হয়ে রহিমপুর হাইওয়ে সড়কে যাতায়াত করেন। এছাড়া শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া, কৃষিপণ্য পরিবহন, রোগী বহনসহ দৈনন্দিন নানা কাজে রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এলাকাবাসীর অভিযোগ, দুই পরিবারের পারিবারিক বিরোধের জেরে একই গ্রামের মো. জিয়াদুল ইসলাম ও তার ছেলে মো. বিপুল মিয়া তাদের বাড়ির সামনে প্রায় ৫০ মিটার রাস্তা কেটে ফেলেন। এতে পুরো এলাকার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, মানুষের চলাচলের সুবিধার্থে পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া ২০২৫-২৬ অর্থবছরে রাস্তাটির সংস্কারও করেছিলেন। কিন্তু ব্যক্তিগত বিরোধের কারণে রাস্তা কেটে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. খোরশেদ আলম বলেন, “ছোটবেলা থেকেই আমরা এই রাস্তা দিয়ে চলাচল করছি। দুই পরিবারের বিরোধের কারণে এভাবে একটি জনসাধারণের রাস্তা কেটে দেওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”
আরেক বাসিন্দা মো. লিটন মিয়া বলেন, “একটি চলমান রাস্তা কেটে অন্তত দুই হাজার মানুষের দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে দিক।”
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার মাঝখানে বড় বড় গর্ত করে কেটে ফেলা হয়েছে। দুই পাশে বৃষ্টির পানি জমে থাকায় পথটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। ফলে পথচারী, শিক্ষার্থী, কৃষকসহ সব শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে ঘটনাস্থলে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্ত পক্ষের সদস্যরা স্থানীয়দের গালিগালাজ ও হুমকি-ধমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনস্বার্থে রাস্তাটি দ্রুত পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।