
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
আইন-আদালতের তোয়াক্কা না করে স্থানীয় কুচক্রী মহলের ইন্ধনে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ, জোবেদা বেগম নামের এক ‘মামলাবাজ’ নারী ও তার সহযোগীরা দিনের পর দিন তাকে হয়রানি করে আসছেন। এ ঘটনার প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (৭ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের মৃত শাহাদাত হোসেনের কন্যা সিরাতুন নেছা ফাল্গুনী।
সংবাদ সম্মেলনে শিক্ষিকা সিরাতুন নেছা জানান, বাদঘাটা মৌজায় তার পৈতৃকসূত্রে প্রাপ্ত ও ক্রয়কৃত মোট ১০ শতক জমি রয়েছে (জেএল নং-২৭, দাগ ৭৩২, ৭৩০, ৭৩১, এসএ খতিয়ান ২৪৪)। চাকরি ও বৈবাহিক সূত্রে তিনি যশোরে বসবাস করলেও, জমিটি ক্রয়ের পর তিনি মাটি ভরাট করে ভিটা তৈরি করেন এবং দীর্ঘ ১৪ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
তিনি অভিযোগ করেন, গত ২২ জানুয়ারি ২০২৬ গভীর রাতে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে কুচক্রী মহলের প্ররোচনায় জোবেদা বেগম ও তার সঙ্গীরা জমিটি দখলের চেষ্টা করে। তবে এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা সেবার ব্যর্থ হয়।
ভুক্তভোগী জানান, বিষয়টি সমাধানের জন্য শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলেমান এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবুর মধ্যস্থতায় সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জোবেদা বেগম তার দাবির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে উক্ত জমিতে আর ঝামেলা না করার নির্দেশ দেওয়া হয়েছিল।
পরবর্তীতে জোবেদা বেগম আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। শুনানি শেষে আদালত উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশনা প্রদান করেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে ওই নারী পুনরায় জমি দখলের পাঁয়তারা ও ভুক্তভোগীকে হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে।
শিক্ষিকা সিরাতুন নেছা জানান, এ বিষয়ে তিনি স্থানীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদকেও বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। স্থানীয় পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ তার পক্ষে থাকলেও জোবেদা বেগম কাউকেই পাত্তা দিচ্ছেন না।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষিকা তার পৈতৃক সম্পত্তি রক্ষা এবং দখলদার ওই নারীর হাত থেকে বাঁচতে মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।