
ফারুক হোসাইন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি।
সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে উপকূলীয় জনপদ মুন্সিগঞ্জ। আজ বিকেলে মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী ডাঃ মনিরুজ্জামান।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মনিরুজ্জামান বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায়। এই নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার করব। উন্নয়নের নামে যে লুটপাট চলেছে, তার অবসান ঘটিয়ে মুন্সিগঞ্জসহ পুরো শ্যামনগরকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলা হবে।”
মুন্সিগঞ্জ ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ মাস্টার আব্দুল ওহেদ এবং বিএনপি নেতা জনাব সোলাইমান কবির। বক্তব্যে তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম দুলু এবং ছাত্রদল নেতা আশেক ইলাহি মুন্না। বক্তারা তৃণমূল পর্যায়ে দলীয় শক্তি বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, সাধারণ মানুষ আজ রাজপথে নেমে এসেছে এবং ব্যালটের মাধ্যমেই তারা বর্তমান দুঃশাসনের জবাব দেবে।
উক্ত জনসভায় জেলা, উপজেলা ও মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে একটি বিশাল মিছিল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা নির্বাচনী আমেজে মুখরিত হয়ে ওঠে।