
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এক সেনাসদস্যের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী মো. আব্দুর রহিম গাজী (৬৩) জানান, গত ৪ জুলাই দিবাগত রাতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় চোরের দল ঘরের টিনের বেড়া কেটে বসতঘরে প্রবেশ করে। পরে একটি লোহার ট্রাংকের তালা ভেঙে সেখানে রাখা প্রায় ১২ আনা ওজনের তিনটি স্বর্ণের দুল, ৬ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ৩ আনা ওজনের একটি স্বর্ণের আংটি, নগদ ৮৫ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়। তাঁর দাবি, চুরি হওয়া মালামালের মোট মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
পরদিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বাড়ির অদূরে একটি পরিত্যক্ত স্থানে ভাঙা অবস্থায় ট্রাংকটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাঁরা রাতের পুলিশি টহল জোরদার এবং চোরচক্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
ভুক্তভোগী আব্দুর রহিম গাজী বলেন, “আমার দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয় এক রাতেই হারিয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ, দ্রুত তদন্ত করে চোরদের শনাক্ত ও গ্রেপ্তার করা হোক এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা হোক।”
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তাঁরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।