
মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোছাঃ জামেলা বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি পীরগঞ্জ -৭ নং নাম্বর ওয়ার্ডের সাটিয়া বহড়া ওই এলাকার আব্দুল বাসেদের সহধর্মিণী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোছাঃ জামেলা বেগম তার মেয়ের বাড়ি, হরিপুর উপজেলার কামারপুকুর এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হন। তার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে প্রায়ই অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ এবং আইন প্রয়োগকারী সংস্থার নিয়মিত নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত জামেলা বেগমের মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজন গভীর শোক প্রকাশ করেছেন।