
মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,
মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন না থাকাসহ বিভিন্ন অনিয়ম ও অভিযোগের দায়ে ৬ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কালকিনি উপজেলার ভুরঘাটা বাজারে খন্দকার মিষ্টান্ন ভাণ্ডারকে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা খাবার সংরক্ষণে অনিয়ম ফ্লোরে খাদ্য সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রাখা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধের দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।অপরদিকে মাদারীপুর ইটেলপুল এলাকায় বিসমিল্লাহ সুইটস অ্যান্ড বেকারিকে ২০ হাজার টাকা, ইটেরপুল মাতৃছায়া মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, তাকওয়া সুপার শপকে ২ হাজার টাকা, জামাল ফল ভাণ্ডারকে ২ হাজার টাকা এবং রিফাত ফল ভাণ্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অনিয়ম দূর করে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তারা আরও জানান, ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী নিয়মিত মামলা ও আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।