
বিশেষ প্রতিনিধি,
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্য, জালিয়াতি এবং সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) গগন চন্দ্র মন্ডলের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, শ্যামনগর থেকে আসা জিতেন নামের এক কথিত দালালের মাধ্যমে চক্র গড়ে তুলে দীর্ঘদিন ধরে নামজারি (খারিজ), সরকারি খাল ও জমি বন্দোবস্তসহ নানা কার্যক্রমে সেবাগ্রহীতাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এই কর্মকর্তা।
স্থানীয় সূত্র জানায়, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভূমি অফিসে দালাল জিতেনকে ছাড়া সরাসরি কোনো কাজ করতে পারেন না সাধারণ মানুষ। কোনো সেবাগ্রহীতা সরাসরি ভূমি সহকারী কর্মকর্তার কাছে গেলে কাজ ঝুলিয়ে রেখে হয়রানি করা হয়। কিন্তু জিতেনের মাধ্যমে চুক্তি অনুযায়ী মোটা অঙ্কের ঘুষ দিলে মুহূর্তেই মিলে যায় প্রশাসনিক সুবিধা। সরকারি খাস জমি বা খাল লিজ সংক্রান্ত বিষয়ে মোটা অঙ্কের আর্থিক বিনিময়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করারও একাধিক অভিযোগ রয়েছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে জানতে ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) গগন চন্দ্র মন্ডলের মুঠোফোনে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি স্পষ্ট ও সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। ঘুষ ও দালাল নির্ভরতার বিষয়ে সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী সাধারণ মানুষ জানান, “দিনের পর দিন বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভূমি অফিসে এই ঘুষ বাণিজ্য ও সাধারণ মানুষকে জিম্মি করার কারবার চলছে। শ্যামনগর থেকে এসে জিতেন সরাসরি অফিসে বসে লেনদেন পরিচালনা করে। জিতেনের হাত না ধরলে কোনো ফাইলের কপাল খোলে না।” স্থানীয়দের দাবি, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে এভাবে দুর্নীতি চললেও রহস্যজনক কারণে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও আকস্মিক পরিদর্শনের দাবি জানিয়েছেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভুক্তভোগী সাধারণ জনগণ।