
জামালপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে চাঁদা দাবি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বাস পরিচালক মো. রফিকুল ইসলাম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দেওয়ানগঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রৌমারি থেকে নারায়ণগঞ্জগামী ‘তুফান এক্সপ্রেস’ বাসটি বকশীগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আব্দুল্লাহ সৌদাগর বিপ্লব নামের এক ব্যক্তি চলন্ত বাস থামিয়ে এক হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিত অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
রফিকুল ইসলাম বলেন, শুধু অপপ্রচারই নয়, মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকিও দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার মানসিকভাবে চরম হয়রানির শিকার হচ্ছেন।
তিনি আরও জানান, চাঁদাবাজি ও হুমকির বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বা হুমকি অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।