
নিজস্ব প্রতিবেদক,
সাতক্ষীরার কলারোয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জিহান ট্রেডিংয়ের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিনের ধারাবাহিকতায় আয়োজিত মঙ্গলবারের এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা তাঁতি দলের আহ্বায়ক আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতি দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, জিহান ট্রেডিংয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মুসল্লিগণ।
অনুষ্ঠানে আগত অতিথিরা স্থানীয় সামাজিক প্রেক্ষাপটে জিয়াউর রহমান জিয়ার বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরেন। স্থানীয়রা জানান, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, বরং একজন জনবান্ধব অভিভাবক হিসেবে এলাকায় পরিচিত। তার কার্যালয় বা অবস্থানস্থলে প্রতিনিয়ত সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
এলাকাবাসীর বিভিন্ন সমস্যা সমাধান ও সালিশ-বিচারের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে তার গ্রহণযোগ্যতা সর্বজনবিদিত। তার সুশৃঙ্খল নেতৃত্ব এবং সামাজিক চলাফেরার কারণে স্থানীয় পর্যায়ে তিনি অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
ইফতারের পূর্বে উপস্থিত সকলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, এ ধরণের ইফতার মাহফিল পারস্পরিক ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। জিহান ট্রেডিংয়ের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান আগত অতিথিরা।