
নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার
কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলী ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত সারাদেশের সংবাদকর্মীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে প্রশিক্ষণ সম্পন্নের সনদপত্র তুলে দেন অতিথিরা।
প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত সংবাদকর্মীরা অংশ নেন। কর্মশালার বিভিন্ন সেশনে আধুনিক সাংবাদিকতার কৌশল, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত, ডিজিটাল নিরাপত্তা, সংবাদ উপস্থাপনা এবং সাংবাদিকতার পেশাগত নৈতিকতা নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। অভিজ্ঞ প্রশিক্ষকরা বাস্তব অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সলিমুল্লাহ খান। প্রধান বক্তা ছিলেন ড. এনায়েত করিম এবং প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ড. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। এ সময় অন্যান্য অতিথিরাও উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে একজন সাংবাদিকের জন্য শুধু সংবাদ সংগ্রহ করাই যথেষ্ট নয়; তথ্যের সত্যতা যাচাই, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠতা নিশ্চিত করে সংবাদ পরিবেশন করাই একজন প্রকৃত সাংবাদিকের অন্যতম দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সংবাদকর্মীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ কর্মশালা তাদের জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও দেশের সংবাদকর্মীদের জন্য নিয়মিত এমন মানসম্মত প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের আহ্বান জানান তারা।