
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরা-৩(কালিগঞ্জ-আশাশুনি) সংসদীয় আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী জোয়ার আরও বেগবান করতে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী পার্ক ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মনিরুল ইসলাম মনু, সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বাপ্পি, যুক্তরাজ্য প্রবাসী যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শেখ নাসির উদ্দিন, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম ও জি এম রবিউল্লাহ বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, আসন্ন ১২ তারিখের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের রায়ে বিএনপি ও তারেক রহমান বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “বিভ্রান্ত হবেন না। সকাল সকাল উঠে ধানের শীষে ভোট দিয়ে আমাদের বিজয় নিশ্চিত করুন। যত দিন যাচ্ছে ধানের শীষের জোয়ার ততই বাড়ছে।”
তিনি আরও বলেন, বিগত সময়ে আশাশুনি ও কালিগঞ্জের উন্নয়নে তিনি যে ভূমিকা রেখেছেন, পুনরায় নির্বাচিত হলে সেই উন্নয়নের ধারাবাহিকতা আরও গতিশীল করবেন। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও লুটতরাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।
প্রধান বক্তা ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমানের মৌলিক পরিবর্তন আনা হবে। তিনি বলেন, “ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও চিকিৎসা কার্ড পৌঁছে দেওয়া হবে। নাগরিক সেবা পেতে আর কাউকে দ্বারে দ্বারে ঘুরতে হবে না।”
জনসভায় নেতাকর্মীদের স্লোগান ও বিপুল জনসমাগমে পুরো সোহরাওয়ার্দী পার্ক জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, জনগণের ঐক্যবদ্ধ সমর্থনে আসন্ন নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।