
শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধি
বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে খুলনা মহানগরীতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একই সাথে নগরীকে সবুজে ঘেরা রাখতে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।
আজ মঙ্গলবার সকালে নগরীর নতুন বাজার আবু হানিফ মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব কায়সারের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “সরকার দেশজুড়ে যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে, তার অংশ হিসেবে নগরীর প্রতিটি ড্রেন বর্জ্যমুক্ত করার কাজ চলছে। এর পাশাপাশি এডিস মশার বংশ বিস্তারের স্থানসমূহ ধ্বংস করা হচ্ছে। বর্ষা মৌসুমের শেষ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা সাধারণত সকালবেলা বেশি আক্রমণ করে। তাই শিশুদের সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মশকমুক্ত করার ওপর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এই বিশেষ অভিযানের ফলে একদিকে যেমন ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শক্তিশালী হবে, অন্যদিকে ড্রেনসমূহের পানি প্রবাহ বৃদ্ধি পাবে, যা নগরবাসীকে জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি দেবে।”
নগরীকে একটি সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে প্রশাসক মাদরাসা প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং এলাকাবাসীর মাঝে চারা বিতরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ২২নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান এবং স্থানীয় সমাজসেবক ইউসুফ হারুন মজনু, তরিকুল্লাহ খান, জাহিদ কামাল টিটু, জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম লিটন, খান মঈনুল হাসান মিঠুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ