শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: জি এম ইমরান হোসেন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ৭ দিনব্যাপী মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি।
এ উপলক্ষে সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, কাশিমাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার দীর্ঘদিন ধরে অবহেলিত, অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও এ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি মানবিক সেবা, জরুরি রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার বিভিন্ন রাস্তাঘাট সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোজাহিদ আসহান বান্না, সহ-সভাপতি আব্দুর রহমান সাদ্দাম, সাধারণ সম্পাদক জি এম ইমরান হোসেন, সমন্বয় প্যানেলের সদস্য আল আমিন, মাসুদ আলম, আরাফাত রহমান, আসাদুল গাজী, মাহফুজুর রহমান, আশরাফুল ইসলাম, ছেলিম রেজা, ইসহক হোসেন, আল মামুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভা শেষে উপস্থিত সদস্যরা মানবিক এ উদ্যোগ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত