নিজস্ব প্রতিবেদক,
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বিশাখা তপন সাহার বিরুদ্ধে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর/কাবিখা) প্রকল্পের সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় এক সাংবাদিক ও ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করা লিখিত অভিযোগে এমন তথ্য উঠে এসেছে।
অভিযোগে জানা যায়, ২০২১ সালে নির্বাচনের পর থেকে চেয়ারম্যান বিশাখা তপন সাহা জয়নগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা প্রকৃত কাজ না করেই ভুয়া ভাউচার ও ভূতুড়ে প্রকল্পের মাধ্যমে আত্মসাৎ করেছেন।
অভিযোগের বিস্তারিত:
লিখিত অভিযোগ ও নথিপত্র থেকে জানা যায়, ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত একাধিক প্রকল্পের নামে বরাদ্দকৃত অর্থ হরিলুট হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
শশ্মান উন্নয়ন প্রকল্প: জয়নগর বেণীপাড়া হতে শশ্মান অভিমুখে রাস্তা সংস্কার ও শশ্মান উন্নয়নের জন্য ৪,৭০,০০০ টাকা বরাদ্দ থাকলেও কোনো কাজ হয়নি। অথচ একই স্থানে জেলা পরিষদ থেকে ৩,৭০,০০০ টাকা বরাদ্দ নিয়েও কোনো কাজ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
রাস্তা সংস্কার ও ইটের সোলিং: খোদ্দবাটরা সিরাজ মাস্টারের বাড়ি হতে মসজিদ অভিমুখে রাস্তা সংস্কারের জন্য ৪,০০,০০০ টাকা বরাদ্দ থাকলেও নামমাত্র মাটি ফেলে পুরো অর্থ আত্মসাৎ করা হয়েছে। এছাড়া আরও অনেকগুলো রাস্তা সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করা হলেও বাস্তবে কোনো কাজ দৃশ্যমান নয়।
মন্দির সংস্কার ও বাজারের নামে দুর্নীতি: জয়নগর ৬নং ওয়ার্ডের মাঝের পাড়া কালি মন্দির ও মদন মোহন মন্দির সংস্কারের জন্য চাল বরাদ্দ থাকলেও মন্দির কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই জানেন না। স্থানীয়রা বলছেন, চেয়ারম্যান এসব চাল গোপনে আত্মসাৎ করেছেন। একইসাথে জয়নগর সরসকাটি বাজার সংস্কারের নামে ৩,১০,০০০ টাকা বরাদ্দ থাকলেও বাজারের কোনো উন্নয়ন হয়নি।
অভিযোগকারী সাংবাদিক মো. হাবিবুল্লাহ বাহার জানান, চেয়ারম্যান সাহেবের অনিয়ম ও দুর্নীতির পক্ষে স্থানীয় অনেক সাক্ষী রয়েছেন। তিনি দাবি করেন, চেয়ারম্যান দায়সারা কাজ বা ভুয়া কাগজের মাধ্যমে সরকারি টাকা ব্যক্তিগতভাবে হাতিয়ে নিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিষয়টির সুষ্ঠু তদন্ত করে সরকারি অর্থ আত্মসাতকারী চেয়ারম্যান ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত