সাতক্ষীরা প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সফল সমাপ্তি ঘটেছে। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, সাতক্ষীরার যৌথ আয়োজনে অদ্য ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকেল ৪:০০ ঘটিকায় শহরের ঐতিহাসিক শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের অপরিসীম গুরুত্ব তুলে ধরে বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ-সবুজ পৃথিবী বাসযোগ্য করে গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই।"
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন, "গাছ আমাদের জীবনের পরম বন্ধু। কেবল মেলা কেন্দ্রিক নয়, বরং আমাদের প্রত্যেকের উচিত ব্যক্তি উদ্যোগে অন্ততঃ একটি করে ফলজ, বনজ বা ভেষজ বৃক্ষ রোপণ করা এবং তা পরিচর্যা করা। সবুজ বাংলাদেশ গড়ার এই অঙ্গীকারে বাংলাদেশ পুলিশ সর্বদাই জনগণের পাশে রয়েছে।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভা শেষে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ নার্সারি মালিক ও স্টলধারীদের মাঝে বিশেষ সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, সপ্তাহব্যাপী আয়োজিত এই মেলায় প্রতিদিন সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতি এবং বিপুল পরিমাণ চারা বিক্রি লক্ষ্য করা গেছে, যা জেলাজুড়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত