নিজস্ব প্রতিবেদক,
সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দঘন পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত হয়েছে। গতকাল ১৬ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী মায়ের বাড়ি মন্দির প্রাঙ্গণে এই বর্ণাঢ্য রথযাত্রার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের হাজার বছরের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের যে গৌরবময় ঐতিহ্য রয়েছে, তা অক্ষুণ্ণ রাখতে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"
উৎসবের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "রথযাত্রা মহোৎসব নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে নিচ্ছিদ্র ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সকল ধর্মের মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ।" সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় জনগণের সহযোগিতা নিয়ে জেলা পুলিশ ভবিষ্যতেও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মায়ের বাড়ি মন্দির প্রাঙ্গণে দুপুরের পর থেকেই জেলা ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের সমাগম ঘটতে থাকে। উলুধ্বনি, শঙ্খনাদ, কাঁসর-ঘণ্টা আর হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির এলাকা।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে অতিথিবৃন্দ ও সমবেত ভক্তরা রথের রশি টেনে বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করেন। রথটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উৎসবকে কেন্দ্র করে পুরো শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ফোর্স।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত