এস. এম নাসির উদ্দীন. নিজস্ব প্রতিবেদক,
সাতক্ষীরা জেলা পুলিশের সদস্যদের শারীরিক সক্ষমতা, পেশাগত দক্ষতা এবং শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে রোববার (৫ জুলাই) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টায় অনুষ্ঠিত প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান।
পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা, শারীরিক সক্ষমতা, টার্নআউট ও সামগ্রিক কর্মদক্ষতা মূল্যায়ন করেন। এ সময় চৌকস ও দক্ষ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পরে তিনি প্যারেডের সার্বিক মানে সন্তোষ প্রকাশ করে সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন।
মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা। এ সময় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মো. আরাফাতসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের সাপ্তাহিক মাস্টার প্যারেডের মাধ্যমে সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার মান আরও উন্নত করার উদ্যোগ অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত