নিজস্ব প্রতিবেদক
গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা ও দ্রুত সংবাদ প্রকাশের সুবাদে মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার ৫ দিন পর নিরাপদে পরিবারের কাছে ফিরে এসেছে দুই শিশু। দেশের অন্যতম ডিজিটাল নিউজ মিডিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত এবং ডিএসডি টিভি-তে বিশেষ 'হারানো বিজ্ঞপ্তি' প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জাফলং এলাকা থেকে তাদের উদ্ধার করা সম্ভব হয়।
গত ৪ জুলাই ২০২৬ (শুক্রবার) মাদ্রাসা থেকে নিখোঁজ হয় এই দুই শিশু। দীর্ঘ উদ্বেগ-উৎকণ্ঠার পর গত ৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) রাত ১২টা ২৫ মিনিটে তারা সুস্থ ও নিরাপদ শরীরে নিজ বাড়িতে পরিবারের কাছে ফিরে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজের পর শিশুরা সিলেটের পর্যটন এলাকা জাফলং-এ চলে গিয়েছিল। সেখানে তারা অজ্ঞাত এক ব্যক্তির সংস্পর্শে পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে এবং সেখান থেকে সহজে ফিরতে পারছিল না। শিশুদের সন্ধান না পেয়ে পরিবার চরম দিশেহারা হয়ে পড়লে, বিষয়টি আমলে নেয় 'দৈনিক সাতক্ষীরা দিগন্ত' ও 'ডিএসডি টিভি'। গণমাধ্যমটিতে শিশুদের ছবিসহ একটি বিশেষ অনুসন্ধানমূলক হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সংবাদটি প্রকাশের পর দেশ-বিদেশে ব্যাপক সাড়া জাগায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তিটি প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জাফলং এলাকায় অবস্থানরত দুই ব্যক্তি নিউজটি দেখে শিশুদের চিনতে পারেন। তারা তাৎক্ষণিকভাবে শিশুদের উদ্ধার করে তাদের বাবা-মার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
নিখোঁজ শিশুদের পরিবার এই অভাবনীয় সাফল্যের জন্য দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভির সম্পাদকসহ সকল সাংবাদিকের প্রতি গভীর ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, গণমাধ্যমটির সময়োপযোগী পদক্ষেপ ও বস্তুনিষ্ঠ প্রচারণার কারণেই আজ তাদের সন্তানরা বুকে ফিরে এসেছে।
এক বিবৃতিতে শিশুদের পরিবার থেকে জানানো হয়,
"দৈনিক সাতক্ষীরা দিগন্তের সংবাদটি যদি ওই দুই ব্যক্তি না দেখতেন, তবে হয়তো সন্তানদের ফিরে পাওয়া অসম্ভব হতো। এই ঋণ কখনো শোধ করার মতো নয়। আমরা এই গণমাধ্যমের উত্তরোত্তর সাফল্য কামনা করি।"
পরিবারের পক্ষ থেকে এই উদ্ধার অভিযানে বিশেষ ভূমিকার জন্য ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ লুৎফুর রহমান এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শরিফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।
একটি হারানো সংবাদ কীভাবে একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, 'দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভি'র এই উদ্যোগ তার একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় সুধী সমাজ।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত