নিজস্ব প্রতিবেদক,
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল বারীকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানো এবং বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত