এস এম হাফিজুর রহমান হাফিজ,
সাতক্ষীরার কলারোয়ার কৃতি সন্তান, লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব রবিউল ইসলাম পলাশের মহতি উদ্যোগে মুসলিম মা-বোনদের ওজু, নামাজ ও কুরআন শিক্ষার জন্য নির্মিত হতে যাচ্ছে ‘হযরত ফাতেমা (রা.) মহিলা কমপ্লেক্স’। ব্যতিক্রমী ও ধর্মীয় এই উদ্যোগকে ঘিরে পুরো এলাকায় বইছে আনন্দের আমেজ, প্রশংসায় ভাসছেন তরুণ এই সমাজসেবক।
উপজেলার সলিমপুর সরদারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উক্ত মহিলা কমপ্লেক্সের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন, সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনতলা বিশিষ্ট এই কমপ্লেক্সটি নির্মাণে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি টাকা, যার সম্পূর্ণ খরচ বহন করছেন আলহাজ্ব রবিউল ইসলাম পলাশ।
নির্মাণকাজ সম্পন্ন হলে এখানে একসাথে কয়েক শতাধিক নারী অত্যন্ত সুরক্ষিত ও সুশৃঙ্খল পরিবেশে ওজু আদায়, নামাজ পড়া এবং পবিত্র কুরআন শিক্ষাগ্রহণের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন প্রবাসী আলহাজ্ব রবিউল ইসলাম পলাশ বলেন, "এলাকার মা-বোনদের দ্বীনি শিক্ষার পথ সুগম করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাকে বিদেশ থেকে দেশে এনে এমন একটি বরকতময় কাজের অসিলা করেছেন, এতে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। কেউ যদি দেশ বা বিদেশ থেকে এই কমপ্লেক্সের উন্নয়নে সহযোগিতার হাত বাড়ান, তবে আমরা তাকে সাদরে গ্রহণ করব।" একই সাথে সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে সামাজিক ও ধর্মীয় কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জামে মসজিদের খতিব ডক্টর আব্দুল আজিজের সঞ্চালনা ও মোনাজাত পরিচালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মল্লিক, মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুস সামাদ, খাদেম মোহাম্মদ ওজিয়ার রহমান, শিক্ষক প্রতিনিধি মাস্টার বাবলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মিনহাজ উদ্দিন সহ মসজিদ পরিচালনা কমিটির কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
আলোচনা সভা শেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং মহিলা কমপ্লেক্সের দ্রুত সফল বাস্তবায়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত