নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। এ ঘটনায় একটি মিনি ট্রাক জব্দের পাশাপাশি দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি মিনি ট্রাকে করে রামু থেকে কুতুপালং হয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সার সীমান্ত পেরিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টা চলছে। খবর পেয়ে রামু ও উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।
অভিযানের সময় সন্দেহভাজন মিনি ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে ১০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
আটকরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাচুড়ি এলাকার বাসিন্দা ট্রাকচালক মো. সৈয়দ করিম (২৮) এবং কক্সবাজারের উখিয়া উপজেলার পশ্চিম পালংখালী এলাকার মো. জাহেদ (২৫)।
বিজিবি জানায়, প্রাথমিকভাবে আটক ব্যক্তিরা সারের বৈধ কাগজপত্র থাকার দাবি করলেও কৃষি কর্মকর্তাদের কাছে তা দেখাতে ব্যর্থ হন। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, সারগুলো কুতুপালং বাজারে মজুদ রেখে ধাপে ধাপে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে পাচারের পরিকল্পনা ছিল।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত