সাতক্ষীরা প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও সম্মানহানিকর পোস্টের মাধ্যমে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘একুশের বাণী’র জেলা প্রতিনিধি ও পেশাদার সাংবাদিক শহিদুল আলম বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সাতক্ষীরা পৌরসভার কাঠিয়া লস্কর পাড়া (ঝটিতলা) এলাকার আশরাফুল ইসলামের ছেলে আসাদুল জামানকে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৪টার দিকে অভিযুক্ত আসাদুল জামান তার ব্যক্তিগত ‘prince Asadushzzaman’ নামের ফেসবুক আইডি থেকে সাংবাদিক শহিদুল আলমের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ তথ্য সংবলিত একটি পোস্ট দেন। ভিত্তিহীন এই পোস্টটি ছড়িয়ে পড়ার পর পেশাগত ও সামাজিকভাবে তার মারাত্মক মানহানি ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক। পেশাগত সুনাম রক্ষা ও ন্যায়বিচারের স্বার্থে তিনি আইনি প্রতিকার চেয়ে থানা কর্তৃপক্ষের দ্বারস্থ হন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বুলবুল জানান, “সাংবাদিকের ওপর অনলাইনে চরিত্রহননের লিখিত অভিযোগটি গুরুত্বের সাথে আমলে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা ও সাইবার অপরাধের মাত্রা যাচাই করা হচ্ছে। ঘটনাটি আমলযোগ্য অপরাধের আওতাভুক্ত হওয়ায় নিয়মিত মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুতই অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত