মোঃ আবু রায়হান স্টাফ রিপোর্টার,
দেশে সরকার ও রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি কলারোয়ার ত্যাগী বিএনপি নেতা আব্দুল মজিদের। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবনে জেল-জুলুম, নির্যাতন আর আপনজন হারানোর এক নির্মম করুণ ইতিহাসের নাম আব্দুল মজিদ। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কলারোয়া পৌর শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক ত্যাগ ও সংগ্রামী জীবন
ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সক্রিয় আব্দুল মজিদ ১৯৯২ সালে কলারোয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এরপর ১৯৯৪ সালে পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক, ১৯৯৫ সালে কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ২০০৩ সালে একই শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি কলারোয়া পৌর ছাত্রদলের সভাপতি ও সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সভাপতি এবং সর্বশেষ কলারোয়া উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হিসেবে দলের জন্য কাজ করেছেন।
কারাজীবনের ভয়াবহ অভিজ্ঞতা ও মামলা
আব্দুল মজিদের রাজনৈতিক ক্যারিয়ারের বড় অংশ কেটেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলাসহ রাজনৈতিক প্রতিহিংসায় তার বিরুদ্ধে ৩০টিরও অধিক মামলা দায়ের করা হয়। শেখ হাসিনার গাড়িবহর মামলায় সাজা দেওয়া হয় সাড়ে ১৮ বছর। ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের ১১ মার্চ পর্যন্ত একটানা কারাবন্দি ছিলেন তিনি। সব মিলিয়ে জীবনে চারবার জননিরাপত্তা আইনসহ বিভিন্ন ধারায় দীর্ঘদিন কারাভোগ করেছেন তিনি।
কারাগারের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে আব্দুল মজিদ বলেন, "জেল কর্তৃপক্ষ আমাদের ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে। এমনকি জেল থেকে মুক্তির সময় আমার পিসি কার্ডে থাকা ৫১ হাজার ৪০০ টাকাও আমাকে বুঝিয়ে দেওয়া হয়নি, যা এখনো পাওনা রয়ে গেছে।"
স্বজন হারানোর বেদনা
জেলজীবনের করুণ স্মৃতি স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি জানান, কারাবন্দি থাকা অবস্থায় তিনি তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মা জননীকে হারিয়েছেন। এছাড়া ২০২১ থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে তিনি দাদা, বড় চাচী, মামা-মামীসহ অনেক প্রিয়জনকে হারিয়েছেন। মা ছাড়া কারোরই শেষ মুখ দেখতে না পারার যন্ত্রণা তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি আজ কেবল শারীরিকভাবেই জখম নন, মানসিকভাবেও বিপর্যস্ত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুতি
দীর্ঘদিন দলের জন্য নিবেদিত থেকেও কোনো মূল্যায়ন না পাওয়া এবং বর্তমানে অবহেলিত জীবন কাটানো আব্দুল মজিদ এখন অনেকটা ভেঙে পড়েছেন। তিনি গণমাধ্যমের সামনে নিজের জীবনের সংগ্রামের কথা তুলে ধরে বর্তমান বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।
আব্দুল মজিদ বলেন, "রাজনীতি করতে গিয়ে আজ আমি নিঃস্ব। দলের জন্য জীবন বাজি রেখেছি, মামলা-হামলা সহ্য করেছি। এখন কেবল আমার দলের অভিভাবক তারেক রহমানের সাথে একবার কথা বলতে চাই।
সাতক্ষীরার এই লড়াকু সৈনিকের জীবনের এই করুণ গাথা এখন স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে। স্বজন ও দলীয় শুভাকাঙ্ক্ষীরা আশা করছেন, তার এই আর্তনাদ উচ্চপর্যায় পর্যন্ত পৌঁছাবে এবং তিনি যথাযথ মূল্যায়ন পাবেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত