মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল বিভাগ সফরকে ঘিরে মাদারীপুর জুড়ে ছিল নেতাকর্মীদের উৎসব মুখর পরিবেশ।
(১৩ জুলাই)
সকাল থেকেই আষাঢ়ের টানা বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে জড়ো হন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাতে ফুল, জাতীয় ও দলীয় পতাকা ধানের শীষ প্রতীক, ব্যানার প্লাকার্ড নিয়ে তারা অপেক্ষা করেন প্রিয় নেতাকে একনজর দেখার এবং শুভেচ্ছা জানানোর জন্য।
আকাশ জুড়ে কালো মেঘ আর থেমে থেমে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি—কখনো মুষলধারে কখনো অঝোর ধারায়। কিন্তু বৈরী আবহাওয়াকে মোকাবেলা করেই নেতাকর্মীদের উৎসাহে কোনো প্রকার ভাটা ফেলতে পারেনি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টিতে ভিজে মহাসড়কের দু'পাশে অবস্থান করে তারা তাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর অধীর অপেক্ষায় থাকেন।
সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর পদ্মা সেতু পার হয়ে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি সীমান্ত এলাকা দিয়ে মাদারীপুর জেলায় প্রবেশ করলে মুহূর্তেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পাঁচ্চর, বন্দরখোলা, সন্ন্যাসীরচর, দত্তপাড়া, সূর্যনগর, মালিগ্রাম ও ভাঙ্গা এলাকা অতিক্রমের সময় লাল-সবুজের পতাকাবাহী গাড়িবহরে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রী গাড়ির ভীতর থেকে হাত নেড়ে উভয় পাশে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন। তার সেই অভিবাদনে উচ্ছ্বাসে ফেটে পড়েন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ।
ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান, করতালি ও ফুলের অভ্যর্থনায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। অনেকেই মোবাইল ফোনে সেই মুহূর্ত প্রধানমন্ত্রীর চলন্ত গাড়ির সামনে ভিডিও ধারণ করেন এবং অনেকেই মোবাইলে ছবি তোলেন। শত ঝড় বৃষ্টি অপেক্ষা করে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
শুধু শিবচরেই নয়, মালিগ্রাম, ভাঙ্গা চৌরাস্তার মোড় এবং মাদারীপুর জেলার বিভিন্ন স্থানেও ছিল একই চিত্র। রাজৈর উপজেলার টেকেরহাট, রাজৈর বাসস্ট্যান্ড ,আমগ্রাম, সাধুর ব্রিজ, ঘটকচর, সমাদ্দার এবং সদর উপজেলার মোস্তফাপুর এবং ডাসার উপজেলার পাথুরিয়ার পাড়,কালকিনি উপজেলার ভুরঘাটা সহ বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে রাস্তার দু'পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পুরো জেলায় ছিল উৎসবের আবহ। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে পেয়ে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়।
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান। অপরদিকে কালকিনি উপজেলার ভুরঘাটা বাস স্ট্যান্ড এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল,ওলামা দল সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাদের উপস্থিতিতে মাদারীপুরের মহাসড়ক জুড়ে সৃষ্টি হয় এক বর্ণিল ও উৎসবমুখর পরিবেশ। মাদারীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল এবং বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়নের সকল ইউনিটের নেতৃবৃন্দ কাক ডাকা ভোর থেকেই তাদের নেতাকে এক নজর দেখার জন্য অবস্থান করেন ।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত